
জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে সাতক্ষীরায় মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়া হবে না।
বুধবার (২৫ মার্চ ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র মোটরসাইকেলে জ্বালানি নেওয়া যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি সরবরাহ করা হবে না। জ্বালানি নিতে গেলে চালকদের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি দেওয়া হবে না। এই কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্লাস্টিক বোতল, ড্রাম বা কোনো ধরনের কনটেইনারে জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নতুন এ নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই এই ফুয়েল কার্ড সংগ্রহ এবং লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার বিষয়টিকে নতুন ভোগান্তি হিসেবে দেখছেন।
এন.এ/সকালবেলা